সম্প্রতি অবমুক্ত হয়েছে তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় মিউজিক ভিডিও আড়ি। সি কে দে চয়ন এর কথায় স্নিগ্ধা রিতা রায়ের সুরে আড়ি গানটিতে কন্ঠ দিয়েছেন ম্যাজিক বাউলিয়ানা ২০১৬ এর জনপ্রিয় গায়ক আমিতো ভালা না ভালা লইয়া থাইকো খ্যাত কামরুজ্জামান রাব্বি। সংগীত করেছেন রাজ হৃদয়।
চমৎকার এই গানটিকে ভিত্তি করে অসাধারণ একটি গল্পে ভিডিও নির্মান করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শামীম আহসান। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, এনা রহমান এবং সাকিব শিকদার।
গানটির গীতিকার সি কে দে চয়ন বলেন, আসলে ভালো লাগা থেকেই গান লিখা।আড়ি গানটি হঠাৎ করেই লিখে ফেলা। আড়ি তো বিভিন্ন মানুষের সাথেই হতে পারে তবে আমি গানটিতে বুঝানোর চেষ্টা করেছি যখন ভালবাসার মানুষ সম্পর্কের মূল্যায়ন করতে পারেনা তখন আড়ি থেকে একটা সম্পর্কের শেষ পরিনতি কতটা দূরত্ব সৃষ্টি করতে পারে।
শামীম আহসান বলেন,মিউজিক ভিডিওর ক্ষেত্রে গানটির কথা যখন সুন্দর হয় তখন একজন নির্মাতা ভালো গল্প জন্ম দিতে পারেন।আড়ি গানটির কথা ও সুর এতো সুন্দর যে গানটি শুনেই মাথায় গল্প চলে আসে।ভিডিওটি খুব যত্ন করে নির্মান করেছি আশাকরি গানটি শুনে এবং দেখে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
