মাঠে নামার আগেই আবাহনী মোহন বাগান উত্তেজনা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৫:৪৫

এএফসি কাপে আবাহনী ও কলকাতার মোহন বাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচ জিতে এখন নিজেরা পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে, আগামী ২২ আগস্ট কলকাতার সল্ট লেকে যুবভারতীতে খেলা। তার আগেই দুই দলের মধ্যে টেবিলের যুদ্ধ শুরু হয়ে গেছে। মাঠে নামার আগেই উত্তেজনা শুরু। মোহন বাগান জানতে পেরেছে, আবাহনী যেসব বিদেশি ফুটবলার নিয়েছে, তাদের মধ্যে তিন জনের রেজিস্ট্রেশনে সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি। এ নিয়ে কলকাতায় বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর বেরিয়েছে। ভারতের সংবাদমাধ্যমে আবাহনীর তিন বিদেশি নামও প্রকাশ করেছে। 

মোহন বাগানের দায়িত্বশীল সূত্রের দাবি আবাহনী সংক্রান্ত যে খবরটি গুরুত্ব পেয়েছে, সেটিও আমরা আমলে নিয়েছি। তারা দুপুরে জানিয়েছিল এএফসিকে বলবে। বিষয়টি জানিয়ে রাখবে। প্রক্রিয়া চলছে। সেই খবর গড়িয়ে গড়িয়ে ঢাকা পর্যন্ত চলে এসেছিল। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু জানিয়েছেন, ‘আমরা এএফসির নিয়ম মেনেই বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছি। একটা ম্যাচও খেলেছি। আমাদের রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা থাকলে এএফসি সেটাই মেনে নেবে কেন? আর এসব বিষয়ে আমরা কোনো কথাও বলতে চাই না। আমরা ম্যাচ খেলব, সেটা নিয়ে ভাবছি।’

 অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় বার কলকতায় মোহন বাগানের সঙ্গে যোগাযোগ করা হলে এর শীর্ষ কর্তা দেবাশিষ দত্ত বলেন, ‘আমরা এএফসিকে জানাব কি না, সেটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ দেবাশিষ দত্ত কলকাতা থেকে জানিয়েছেন, তারা বিষয়টি শুনেছেন, জেনেছেন। কিন্তু এএফসিতে জানাবেন কি না সে ব্যপারে সিদ্ধান্ত এখনো হয়নি। পরে বলতে পারব।’ গত এএফসি কাপে মোহন বাগানের কাছে আবাহনী হেরেছিল।

ইত্তেফাক/জেডএইচ