ধান চুরির মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:৫২

লক্ষ্মীপুরের রামগতিতে ধান চুরির মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কমলনগর আমলী আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।

আসামিরা হলেন উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন জসীম, আদনান আমিন (৩০), ফরহাদ হোসেন (৪৫), ইফতেখার হোসেন শাওন (২৮), নুরুল আমিন (৫৫), অজি উল্যাহ (৪৫), খোরশেদ আলম (৪০), নোমান পাটওয়ারী (৩২) ও সফিউল্যা (৪৫)। তাদের সবার বাড়ি রামগতির চরসীতা ও কমলনগরের তোরাবগঞ্জ এলাকায়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম ও তার বড় ভাইয়ের নেতৃত্বে অন্য আসামিরা তোরাবগঞ্জ গ্রামে বাদীর ৪ একর ৪৫ শতাংশ জমিতে থাকা ২৫০ মণ আমন ধান কেটে নিয়ে যায়। ধানগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ছিল। এ সময় বাধা দেওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ১৫ ডিসেম্বর জামানারা আক্তার বাদী হয়ে কমলনগর আমলী আদালতে ধান চুরির ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করেন। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমলনগর থানার ওসিকে নির্দেশ দেন আদালত। চলতি বছর ১৫ মার্চ কমলনগর থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।

বাদী জামানারা আক্তার বলেন, আসামিরা আমার ওয়ারিশি জমি থেকে রাতের অন্ধকারে ধান কেটে চুরি করে নিয়ে যায়। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আদালত ও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিমসহ আসামিরা আদালতে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ইত্তেফাক/এবি/পিও