নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২০:২৯

বিরোধী দলের কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার সন্ধ্যায় এই সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জ শহরে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা জি.কে. গাউস বলেছেন, হাজার হাজার দলীয় সমর্থক রাস্তায় মিছিল শুরু করার পর বিশৃঙ্খলা শুরু হয়। পুলিশ তাদের মুখোমুখি হয় এবং তাদের মিছিল থামানোর নির্দেশ দেয়।

হবিগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তা পলাশ রঞ্জন দে বলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করার সময় বিরোধী কর্মীরা হঠাৎ তাদের ওপর হামলা চালালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানে অনুযায়ী তার সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়া উচিত।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সব পক্ষকে সহিংসতা এড়াতে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়ে আসছে।

ইত্তেফাক/এসএটি