চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুর বিজিবির টহলদল স্থানীয় সীমান্তবর্তী মাঠ থেকে ৪ কোটি টাকার ৪৬টি সোনার বারসহ একজনকে আটক করেছে। রোববার (২০ আগস্ট) বিকালে এই সোনা আটক করা হয়।
সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. দুলাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে টহলদলটি সীমান্তের নাস্তিপুর পেয়ারা বাগানে এম্বুস করে। এ সময় একজন ব্যক্তি ভারত সীমান্তের দিকে দ্রুত যাওয়ায় চেষ্টা করলে টহল বিজিবি তাকে আটক করে। আটক ব্যক্তি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মঞ্জুর আলির ছেলে আরিফুল ইসলাম (৩২)। পরে তার দেহ তল্লাশি করে ৪৬টি সোনার বার (৪ কেজি ৬শ গ্রাম) উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে বিজিবি জানায়।
চুযাডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাকিবুল ইসলাম জানান, সমুদয় মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং আসামি দর্শনা থানায় সোপর্দসহ মামলা করা হয়েছে।
