রাজধানীর জিগাতলা, ধানমন্ডি এবং রায়েরবাজার এলাকায় নকশা বহির্ভূত ভবনর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় নকশা বহির্ভূত ২টি ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়।
রোববার (২০ আগস্ট) রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুরে অভিযান শেষ হয়।
অভিযানে মোট ৮ টি ভবনের মধ্যে ৩টি নির্মাণাধীন ভবন এবং ৫টি নির্মিত ভবন। নির্মাণাধীন ২টি ভবনের নকশা ব্যত্যয়কৃত অবৈধ অংশ অপসারণ করা হলেও সবগুলো ভবনের মালিকের কাছ থেকে নিজ দায়িত্বে অবৈধ অংশ অপসারণ করবে এই মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজকের রাজউকের অভিযানে নকশা বহির্ভূত ২টি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ সব ভবন মালিকদেরকে ১০ দিনের নোটিশ প্রদান করে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয় এবং বলা হয় ১০ দিনের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ অংশ অপসারণ করতে। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দেওয়া হয়।
এসময় সহকারী অথরাইজড অফিসার মো: ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক মো: জাহিদুল ইসলাম, মো: সুজন আহমেদ, ইমারত পরিদর্শক মো: আবু সায়েম, মো: আব্দুল আলীম, মো: শাহীন আরিফুল ইসলাম, মো: তৌফিকুজ্জামান, মো: গোলাম কিবরিয়া, বিধান চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।
