বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৯৮৭ যাত্রীর জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৩০

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৯৮৭ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ২ লাখ ৫২ হাজার ৮৯৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা পাকশী বিভাগীয় রেলওয়ের ১৫টি আন্তঃনগর ট্রেনে ছয়টি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন। ঈশ্বরদী জংশন থেকে খুলনা, রাজশাহী থেকে পার্বতীপুর, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পর্যন্ত রেলরুটে এ অভিযান পরিচালনা করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন গতকাল রবিবার জানান, ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস (আপ ও ডাউন), রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ-ডাউন), ঢাকা-লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস (আপ ও ডাউন), রাজশাহী-খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয় ২ লাখ ৫২ হাজার ৮৯৫ টাকা। ভাড়াবাবদ ১ লাখ ৬৮ হাজার ৩৯০ টাকা ও জরিমানাবাবদ ৮৪ হাজার ৫০৫ টাকা। অভিযানের সময় অবৈধভাবে ট্রেনে ওঠার অভিযোগে ১২জন হকারকেও জরিমানা করা হয়।

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) কে. এম. নুরুল আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (দক্ষিণ) ফারহান মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর শামীম আহমেদ, অংশুমান রায় চৌধুরী, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল হালিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, গৌরচন্দ্র সিংহসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম