সিমলার ধসে এখনো আটকে মৃতদেহ

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:০৩

ভারতের হিমাচল প্রদেশের সিমলার সামার হিলে গত ১৪ অগাস্ট আচমকাই ধস নামে। ভূমি ধসে ভেঙে পড়ে আস্ত শিব মন্দির। ঘটনার সময় মন্দিরে বেশ কিছু পূণ্যার্থী ছিলেন। ফলে তাদের অনেকই ধ্বংসস্তূপে চাপা পড়ে সেদিন মারা যায়।

ঘটনার পর সপ্তাহ পার হলেও উদ্ধারকাজ শেষ করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বার বার ধস নামায় এবং হঠাৎ বান আসায় কাজে বিঘ্ন ঘটেছে। ঘটনাস্থল থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো অন্তত দুই তিনটি মৃতদেহ ধসের নিচে আটকে আছে বলে ধারণা কর্মকর্তাদের।

প্রশাসন জানিয়েছে, দুই-একদিনের মধ্যে ওই মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হতে পারে বলে মনে হচ্ছে। সামার হিলে যেভাবে ধস নেমেছে তা অভূতপূর্ব। ক্যামেরায় যে ছবি এসেছে তা ভয়ংকর। সেখানে দেখা যাচ্ছে, আচমকাই আস্ত একটি পাহাড়ের অংশ ধসে পড়ছে।

গোটা হিমাচল প্রদেশ এবং উত্তরখণ্ডজুড়ে একের পর এক ধস নেমেছে। জায়গায় জায়গায় হড়পা বান এসেছে। বহু মানুষ তাদের ঘর হারিয়েছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্তত ১০ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। সরকারি হিসেবে ২০২২টি সম্পূর্ণভাবে ভেঙে গেছে, নয় হাজারের কিছু বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৪জন। বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ। এই বর্ষায় যে বিপুল ক্ষতি হয়েছে তা মেরামত করতে অন্তত এক বছর সময় লাগবে।

ইত্তেফাক/এসএটি/এবি