মোংলায় বিদ্যুৎ থাকা অবস্থায় মিটারের তার চুরি! থানায় অভিযোগ

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৩:৪৩

বাগেরহাটের মোংলায় বিদ্যুৎ চালু থাকা অবস্থায় মিটারের তার কেটে চুরি করেছে বেরসিক চোর। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার স্লুইজ গেটের পাশে ব্যবসায়ী দুলালের মালিকানাধীন দুইতলা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের প্রধান গেটের সামনে বিদু্যতের মেইন মিটার লাগানো। মেইন মিটার থেকে আনুমানিক ৩০ গজ দূরে বিদু্যতের পিলার হতে মিটারে বিদু্যৎ সংযোগ আনা হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ৩.৪০ মিনিটের সময় অজ্ঞাতনামা এক চোর পিলারের পাশে থাকা গাছে উঠে বিদু্যৎ লাইন চালু থাকা অবস্থায় প্রায় ৩০ গজ তার কেটে নিয়ে যায়। সোমবার দুপুরের দিকে শ্রমিকরা বিল্ডিং এ কাজ করতে গিয়ে বিদু্যতের তার কাটা অবস্থায় দেখতে পায়। শ্রমিকরা এ ঘটনা বিল্ডিং মালিককে জানালে তিনি তার অফিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান এবং এ ঘটনার সত্যতা পান। এ ঘটনায় এইচএম দুলালের ম্যানজার প্রদীপ মহলদার বাদী হয়ে সন্ধ্যায় মোংলা থানায় অভিযোগ করেন।

মোংলা থানার এসআই মো. আসিফ জানান, থানায় অভিযোগ করার পর আমি সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও