সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট, ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:২৯

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনায় ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২১ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরানে হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা ছাত্রলীগের সদস্য মওদুদ আহমেদ মিলন, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিবিএ কাজল ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।  

এতে বলা হয়, নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সব কর্মকাণ্ড থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো। 

জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার বলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা আমাদের কাছে রয়েছে।

এর আগে একই অপরাধে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি মো. আশিক ইকবালকে বহিষ্কার করা হয়। 

ইত্তেফাক/এবি