কুড়িগ্রামের রাজারহাট, পটুয়াখালীর বাউফল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজারহাটে মৃত্যু হয়েছে দুই শিশুর। সংশ্লিষ্ট এলাকার সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজারহাট (কুড়িগ্রাম): গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রাজারহাটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চাকির পশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার শিকার সোহানা আক্তার (৭) উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির খিতাব খাঁ গ্রামের সোলায়মান আলীর মেয়ে ও রোকসানা আক্তার (৮) খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, খেলতে খেলতে দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে নেমে ডুবে যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে অবশেষে এক শিশুর মা তাদের লাশ পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে ডাঙায় তুলে আনে।
বাউফল (পটুয়াখালী): উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে গতকাল আরমান নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবার নাম মো. সাইদুল তালুকদার। সাইদুল বলেন, আরমান খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পিছনে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে তার লাশ খুঁজে পান।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): গোসল করতে নেমে পানিতে ডুবে ইন্দ্রজিৎ সিং (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শ্রী মিঠন সিংহের ছেলে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর-রুহুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ইন্দ্রজিৎ ও একই গ্রামের কাজল আলীর ছেলে মোরসালিন (৮) লক্ষ্মীপুর-রুহুল মোড় এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুই জনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে দুই জনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে ইন্দ্রজিতের মৃত্যু হয়। মোরসালিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
