সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে শুরু হয়েছে কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। এরই মধ্যে চীন, ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিতে দেশটিতে অবস্থান করছেন। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভ ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে অংশ নেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংর অনুপস্থিতে তার প্রতিনিধি হিসেবে দেশটির বাণিজ্যমন্ত্রী ওই বৈঠকে ছিলেন।
এছাড়া, নরেন্দ্র মোদী বিজনেস ফোরামের বৈঠকে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে ভারত বিশ্ব উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হবে। কারণ ভারত বিপদ ও বাধাগুলোতে দমে না গিয়ে বরং অর্থনৈতিক সমৃদ্ধিকে পরিবর্তন করেছে। গত কয়েক বছরে ভারতে ব্যবসায়িক পরিবেশের অনেক উন্নতি হয়েছে। আমরা নাগরিকের সেবা ও সুশাসনের ওপর জোর দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘শীঘ্রই ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পরিণত হতে চলেছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোটের বাকি নেতারা দক্ষিণ আফ্রিকায় গেলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি যোগ দেননি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ কারণে তিনি সশরীরে হাজির না হয়ে সম্মেলন শুরুর দিন একটি ভিডিও বার্তা পাঠান।
ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট শস্য চুক্তিতে আবার ফেরার বিষয়ে শর্তের কথা জানান। এ বিষয়ে তিনি বলেন, ‘১৮ জুলাইয়ের পরে আমরা তথাকথিত শস্য চুক্তি পুনর্নবীকরণ করতে রাজি না। তবে আমরা রাশিয়ার দেওয়া শর্ত মেনে নেওয়া হলে চুক্তিতে ফিরবো। প্রাথমিকভাবে আমরা আফ্রিকার ছয়টি দেশে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন শস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও জানায়, সম্মেলনের প্রথম দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সাইড লাইন মিটিংয়ে অংশ নেন। তারা দক্ষিণ আফ্রিকা ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও সম্মেলনে যোগ দিয়েছেন জোটের সদস্য হতে আগ্রহী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলন থেকে জোটটিতে নতুন সদস্য যুক্ত করার ঘোষণা আসতে পারে। জোহানসবার্গে ২২ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৪ আগস্ট (বুধবার) পর্যন্ত।

ব্রিকস সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জোটের সম্প্রসারণ
ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদি-শি বৈঠক নিয়ে গুঞ্জন