উত্তরায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৫:২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী উত্তরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান হিরন, যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমা আক্তার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন, দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুব হাসান কাবুল, আতিকুর রহমান মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শোক সভায় সভাপতির বক্তব্যে খসরু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি শক্তিশালী পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে অপরিণামদর্শী ঘাতকরা। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা শুধু ব্যক্তিকে হত্যাপ্রয়াস ছিল না, ছিল জাতির স্বাধীনতার শক্তিকে হত্যার অপচেষ্টা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে।

এ সময় খসরু চৌধুরী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইত্তেফাক/এসকে