রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্যের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯:৪৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। বুধবার (২৩ আগস্ট) বিকালে জেলা শহরের আলিয়া মাদরাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।

নিহতের বড় ছেলে রাকিব হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল বাবাকে ধাক্কা দেয়। এতে বাবা ছিটকে সড়কের পাশে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতাল আনার আগেই মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। তার লাশ স্বজনরা নিয়ে গেছেন।

মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ উল্যাহ।

ইত্তেফাক/এবি