চিতলমারীতে ভাইরাসে মরে যাচ্ছে ঘেরের চিংড়ি

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৫:০০

বাগেরহাটের চিতলমারীতে ভাইরাসের কারণে আশঙ্কাজনক হারে মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। এমন বিপর্যয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন চিংড়িচাষিরা। চিংড়ি মরার কারণ হিসেবে হোয়াইট স্পট ও রেড ভাইরাসকে দায়ী করছেন এখানকার চিংড়ি চাষের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট চাষিরা। তবে উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছেন, আক্রান্ত ঘের থেকে চিংড়ির নমুনা সংগ্রহ করে কী কারণে চিংড়ি মরে যাচ্ছে তা বের করার চেষ্টা করা হচ্ছে।

চিংড়িচাষি শমীর হালদার, গণমাধ্যমকর্মী শেখর ভক্ত, মানিক মণ্ডল, হিমাংশু, নিশিকান্ত অধিকারী জানান, বাগদা চিংড়ি উৎপাদনের ভরা মৌসুমে ঘেরে চিংড়ি মারা যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন তারা। উপজেলার কালশিরা, শ্রীরামপুর, রায়গ্রাম, খিলিগাতীর অধিকাংশ ঘেরের বাগদা চিংড়ি ভাইরাসে মারা গেছে বলে জানান এসব ক্ষতিগ্রস্ত চাষিরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদ উল্লাহ জানান, অধিকাংশ ঘের জৈব নিরাপত্তা বজায় না রাখা, অধিক বৃষ্টি ও পানিতে খনিজ লবণের পরিমাণ কমে যাওয়ার কারণে মাছে ভাইরাস লাগতে পারে। এছাড়া চাষিরা ভাইরাসমুক্ত করণের যে সব পদ্ধতি আছে, তা প্রয়োগ না করে গতানুগতিকভাবে ঘের প্রস্তুত করে চিংড়ি ছাড়েন। তিনি চিংড়ি পোনা ছাড়ার আগে পোনা ভাইরাসমুক্ত কি না, পরীক্ষা করে পোনা ছাড়তে ও চিংড়িচাষিদের ঘের প্রস্তুত ও পোনা ছাড়ার সঠিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেন।

ইত্তেফাক/এমএএম