এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় রনির জামিন স্থগিত

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৯:১৬

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শাহ মাহবুবুর রহমান রনির জামিন স্থগিত রেখেছে আপিল বিভাগ।

বুধবার (২৩ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রনির জামিন স্থগিত করে। 

সদস্যরা বলেন, স্পর্শকাতর মামলা তাই জামিন নয়। সেই সঙ্গে বিচারের সবশেষ অবস্থা জানতে চাইলেন আপিল বিভাগ।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এ মামলায় আট জনকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ১৭ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী।

মামলার অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুম।

ইত্তেফাক/আরএজে