প্রিগোজিনের বিমান বিধ্বস্তের সময় পুতিন কোথায় ছিলেন?

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৯:৫০

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গতকাল বুধবার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। রাশিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদসংস্থা আরআইএ নভোস্তি। প্রিগোজিনের বিমান বিধ্বস্তের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সময় কোথায় ছিলেন- তা নিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সেইসময় কার্স্ক অঞ্চলে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিন ভাষণ দিচ্ছিলেন। 

তবে সেইসময় বিমান বিধ্বস্ত নিয়ে কোনো কথা বলেননি পুতিন। তবে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একসময় পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল প্রিগোজিন। তাকে পুতিনের বাবুর্চি হিসেবে ডাকা হতো। তবে গত জুন মাসের শেষ নাগাদ রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। যদিও সেই বিদ্রোহ ব্যর্থ ও ক্ষণস্থায়ী ছিল। তখন থেকে প্রিগোজিন ও পুতিনের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। 

নাম উল্লেখ না করে বিদ্রোহীদের দমনের কড়া বার্তা দেয় রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপরেই গতকাল বুধবার প্রিগোজিন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন বলে খবরে এসেছে। 

ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলেও প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

ইত্তেফাক/এসআর/কেকে