আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলের কেন্দ্রীয় নেতারা আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।
এ সময় আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী মারা যান।
