মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রয়েল জিয়া।
তিনি জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
