জনগণ এবার উন্নয়নের পক্ষে: এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:১৯

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনের জনগণ ৪০ বছর অবহেলিত ছিল। তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। যত বাধাই আসুক জনগণ যে সিদ্ধান্ত নেবে আমি তাই করব। আমি আমার যৌবনের সাড়ে ৯ বছর পার করেছি জনগণের জন্য। আমার অধিকার রয়েছে আপনাদের পাওয়ার।

তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ করে বলেন, আপনার সঙ্গে তিন থানার জনগণের কোনো নেতাকর্মী নেই। বর্তমানে ছিনতাইকারী ও মাদকসেবীদের মঞ্চে উঠিয়ে আবলতাবল বক্তব্য দেওয়ান। 

তিনি গতকাল সন্ধ্যায় সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাবেক পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ও সাবেক সংসদ সদস্য সালেহা মোশাররফ হোসেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, যুবলীগ নেতা শায়েদীদ গামাল লিপু, সদরপুর উপজেলা যুব লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাতুব্বর, ডা. মহিউদ্দিন মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও হাজার হাজার নিক্সন-সমর্থক।

ইত্তেফাক/এএইচপি