রংপুর মেডিক্যালে অভিযান ছয় জনের জেল-জরিমানা

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:২০

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে তিন নারীসহ ছয় জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। পরে দালাল চক্রের ছয় জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। 

সাজাপ্রাপ্তরা হলেন :রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের জেসমিন আক্তারকে (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার জেসমিন বেগম (৩৫), গঙ্গাচড়ার খানাটারির শাকির হোসেন, ধাপ হাজীপাড়ার আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার রুনা আক্তার (৩৫) ও মিঠাপুকুরের পশ্চিম বড়বালা এলাকার হাফিজুর রহমান (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে জানান, দুই নারীকে ১৫ দিন জেল, আতাউর রহমান আতাকে এক মাস ও শাকির হোসেনকে তিন মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়াও হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তার নামে একজনকে ৫০ হাজার টাকার জরিমানা আদায় ও মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উত্পল কুমার রায় বলেন, রংপুর মেডিক্যালে চিকিত্সা নিতে এসে যেন কেউ দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হয় এবং হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় জনকে শাস্তির আওতায় আনা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি