শি'কে যে উদ্বেগের কথা জানালেন মোদি  

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৪:৩০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আন্তর্জাতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বৈঠকে মোদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতের উদ্বেগের কথা শিকে জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।  

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, বৈঠকে মোদি বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ক্ষেত্রে যেসব বিষয়ে এখনো বিতর্ক আছে, তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। কোয়াত্রা জানিয়েছেন, মোদি আরও বলেছেন, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখাটা খুবই জরুরি। ভারত-চীন সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক হবে।

কোয়াত্রা আরও জানিয়েছেন, দুই নেতাই একটি বিষয়ে একমত হয়েছেন যে তারা নিজেদের দেশে এই বিষয়ের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বলবেন, তারা যেন দ্রুত উত্তেজনা নিরসনের জন্য পদক্ষেপ নেন।

ডয়চে ভেলে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ও শি জিনপিং ব্রিকসের মঞ্চে হাত মেলান এবং অভিবাদন জানান। তখন তারা কিছুক্ষণ কথা বলেন। পরে দুই নেতার বৈঠক হয়। 

এদিকে আর প্রায় দুই সপ্তাহ পরেই দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন শি জিনপিং। তার আগে মোদির সঙ্গে তার এই কথপোকথন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। লাদাখকাণ্ডের পর এই প্রথমবার দুই নেতার মুখোমুখি বৈঠক হলো। 

চীন অবশ্য দাবি করেছে, ভারতই বৈঠকের অনুরোধ করেছিল। গত নভেম্বরে বালিতে জি-২০ ডিনারে দুই নেতা হাত মিলিয়েছিলেন এবং হেসেছিলেন। সেখানেও দুই নেতার মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শি জিনপিং ও মোদির কথপোকথন ছিল খোলামেলা এবং তারা ভারত-চীন সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করেছেন।

প্রেসিডেন্ট শি বলেছেন, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার অর্থ হলো, দুই দেশের ও মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাওয়া এবং এ অঞ্চলে ও বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের উপযোগী পরিবেশ তৈরি হওয়া। দুই দেশকেই সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখতে হবে। সীমান্ত সমস্যার ঠিকভাবে মোকাবিলা করতে হবে। দুই দেশকেই সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে হবে।

 

ইত্তেফাক/এসআর