সরকারি চাকরির আবেদনে দিতে হবে ভ্যাট

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৪:০৮

এখন থেকে অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরির জন্য আবেদন করার সময় প্রার্থীদের কাছ থেকে আবেদনের ফি’র ওপর মূল্য সংযোজন কর (মূসক) আদায় করা হবে। প্রথমবারের মতো চাকরির আবেদনের ফি’র সঙ্গে ভ্যাট আদায়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে একই বিষয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল হয়ে গেছে।

ভ্যাট আরোপিত হওয়ায় এখন সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির আবেদনকারীদের ব্যয় কিছুটা বাড়বে।

প্রজ্ঞাপনে বলা হয়, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষা ফি নেওয়া হবে। পরীক্ষা ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে ও ভ্যাট হিসেবে কমিশনের ১৫ শতাংশ আদায় করা হবে।

এর আগে আবেদন ফি’র ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট আদায় করা হতো না।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী টেলিটকের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা প্রদেয় হলে, চাকরিপ্রার্থীকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৬ টাকা দিতে হবে। অর্থাৎ চাকরিপ্রার্থীকে ৬০০ টাকার আবেদন ফি’র সঙ্গে অতিরিক্ত ৬৬ টাকা দিতে হবে।

এছাড়া বিভিন্ন গ্রেডে সরকারি চাকরির আবেদন ফি অপরিবর্তিত রয়েছে। এগুলো হলো- নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) ৬০০ টাকা, দশম গ্রেড ৫০০ টাকা, ১১-১২তম গ্রেড ৩০০ টাকা, ১৩-১৬তম গ্রেড ২০০ টাকা ও ১৭-২০তম গ্রেড ১০০ টাকা।

ইত্তেফাক/এসকে