আওয়ামী লীগ সরকার গরীব-দুঃখীদের সরকার: ইকবাল হোসেন অপু

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২১:২২

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকারের আমলে সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তৃণমূলের নেতা-কর্মীরা দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি। তাই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ইকবাল হোসেন অপু বলেন, আজ বৈরী আবহাওয়ার ভিতরেও যারা আজকের সভায় উপস্থিত হয়েছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। কুন্ডেরচরের অবহেলিত এলাকা আজ পর্যটন এলাকার মতো, এখানে ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে। পদ্মানদীর ভাঙ্গনের হাত থেকে স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধ কাজ কিছু দিনের ভিতর শুরু হবে। শেখ হাসিনা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্নরকম ভাতার ব্যবস্থা করেছেন। গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য শেখ হাসিনাকে বারবার দরকার।

কুন্ডেরচর আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ নান্টু মাস্টারের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জিএম নুরুল হক এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, কুন্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারিসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএএম