ফুটবল ট্রেনিং সেন্টার খুলবে বাফুফে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৬:৪০

বাফুফে বলছে কারো পরিবারে যদি ফুটবল প্রতিভা থেকে থাকে তাহলে সেই সন্তানকে ফুটবল খেলা শেখাবে। ফুটবল ট্রেনিং সেন্টার করছে বাফুফে। ‘আপনার সন্তানকে ফুটবলে দিন’ কথাটা স্লোগানের মতো মনে হলেও বাফুফের কাজটাই হবে এরকম। আপনি আপনার সন্তানকে ফুটবল খেলা শেখাতে চাইলে বাফুফের ট্রেনিং সেন্টারে ভর্তি করবেন। সেখানে যদি প্রতিভা দেখাতে পারে তাহলে তাকে একাডেমিতে তুলে নেবে বাফুফে। তখন সব দায়িত্ব বাফুফের। 

এটা এক ধরনের ফুটবলের কোচিং সেন্টার। ইউরোপে এধরনের ফুটবল কোটিং সেন্টার আছে। বাচ্চারা পড়ালেখার পাশাপাশি ফুটবল কোচিংয়েও যায়। টাকা দিয়ে তারা ফুটবল খেলা শিখতে কোচিং সেন্টারে যায়। সেই আদলের সুযোগ সুবিধা থাকলেও একটা শুরু করার উদ্যোগ বাফুফের। 

বাফুফের ফুটবল ডেভেলেপম্যান্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বললেন, ‘ফুটবলের কোচিং সেন্টার নয়, এটা ট্রেনিং সেন্টার।’ তিনি বলেন,‘আমরা ভর্তি ফরম দেব। কোনো অভিভাবক যদি তার সন্তানকে ফুটবলে দিতে চায় তো আনবে। আমরা ভর্তি করব। কয়েক মাস দেখব। তার প্রতিভার প্রকাশ যদি থাকে, আমরা যদি দেখি এই ছেলেকে দিয়ে হবে তখন তাকে একাডেমিতে নেব।’ 

কমপক্ষে ১০ বছর হতে হবে। ঊর্ধ্বে ১৭ বছর। এই বয়সের প্রতিভাবান ফুটবলারদের নিয়ে ট্রেনিং সেন্টার হবে। 

মানিক জানিয়েছেন এখন বাফুফের টার্ফে শুরু হবে। পরবর্তী সময়ে আমরা ঢাকার কয়েকটি মাঠে এটা ছড়িয়ে দেব। দেখব কোন অঞ্চলের খেলোয়াড় বেশি। মাঠ হবে সেদিকে। এটা এখনই চূড়ান্ত না। আমরা যেখানে মাঠ করব সেখানেই মূলত প্রশিক্ষণ হবে। কোচ কারা হবে সেটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানিক জানিয়েছেন দেশের ভালো মানের কোচরাই দায়িত্ব পালন করবেন।’ 

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান জানিয়েছেন অনেক বাবা-মা আছেন তাদের সন্তানকে মাসে বেতন দিয়ে হলেও ফুটবল খেলা শেখাতে চান। এটা তাদের জন্য করা হচ্ছে। ১০ থেকে ১৭ বছর বয়সের হতে হবে।’ 

কবে থেকে ভর্তি শুরু হবে? মানিক জানিয়েছেন খুব শিগিগরই ফরম বিতরণ শুরু হবে।’

ইত্তেফাক/এএইচপি