যশোর জেলা ছাত্রলীগের বিশেষ প্রস্তুতি সভায় উপস্থিত না থাকায় ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত নোটিশের জবাব সশরীরে দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ১১ নেতা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, শাহাদাৎ হোসেন রনি হাওলাদার, কায়েস আহমেদ রিমু, আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম, ফাহমিদ হুদা বিজয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন বলেন, বর্ধিত সভার কোনো চিঠি পাইনি। জেলার সভাপতি সম্পাদকের সাংগঠনিক কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় নেই। তাদের দুজনের সিদ্ধান্তে কমিটির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়, আবার তুলেও নেওয়া হয়। সভাপতি সম্পাদকের স্বেচ্ছাচারিতায় সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। এই দুজন যে কয়েকটা কমিটি দিয়েছে সাংগঠনিক কমিটির সঙ্গে আলোচনা করেনি। অছাত্র জামাত বিএনপি পরিবারের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। কোনো সাংগঠনিক কাজে কাউকে ডাকে না। তারপরও শুনেছিলাম বর্ধিত সভা সম্পর্কে, তবে যাইনি তাদের স্বেচ্ছাচারিতায় কারণে।
তিনি বলেন, শোকজ করেছে, শোকজের জবাব দেব কেন্দ্রীয় নেতাদের কাছে। জেলার সভাপতি সম্পাদকের কাছে দেব না।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের মুঠোফোনে কয়েকবার কল করেও তাদের পাওয়া যায়নি।
তবে জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ বলেন, বিশেষ প্রস্তুতি সভায় উপস্থিত না থাকায় ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাদের সবাইকে লিখিত জবাব আকারে সভাপতি সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।
