'চুমুকাণ্ডে' লুইস অসত্য বলেননি, বলেছেন হারমোসো

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:৩৬

অসত্য বলেছিলেন জেনি হারমোসো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই নারী ফুটবলারের বিরুদ্ধে সভাপতি লুইস রুবিয়ালেস সম্পর্কে অসত্য অভিযোগ আনার বিষয়ে অতি সত্বর ব্যবস্থা নেবে। খবর বিবিসির।

এর আগে সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা জয়ের পর হারমোসোকে জড়িয়ে ধরে চুমু দেন স্পেনের ফুটবল প্রধান। প্রথমে এই নারী ফুটবলার ‘সম্মতি ছিল’ বলে জানালেও শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, এ বিষয়ে তার সম্মতি ছিল না। সেই সঙ্গে স্পেনের ফুটবল প্রধানের কঠোর শাস্তি দাবি করেন।

এদিকে, স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস নিজেকে বহুবিধ চাপের মুখেও ‘নির্দোষ’ দাবি করেন। সেইসঙ্গে সভাপতির পদ থেকে পদত্যাগ করবে না বলেও জানান লুইস রুবিয়ালেস।

রোববার (২৬  আগস্ট) এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপজয়ী ওই নারী ফুটবলার লুইসের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা অসত্য। লুইস রুবিয়ালেস অসত্য বলেননি। হারমোসোর এমন অনভিপ্রেত অভিযোগের ফলে ফেডারেশনের কর্মকর্তারা বিব্রত বোধ করছেন।

এর আগে চুমুকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন রুবিয়ালেস। কিন্তু এ ঘটনায় বেশ ক্ষিপ্ত হন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস। সেই সঙ্গে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ রুবিয়ালেসকে সরাসরি পদত্যাগের নির্দেশ দেন। সরকার, গণমাধ্যম, দর্শকদের কঠোর সমালোচনার মুখে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জরুরি সভা করে। তবে সেই সভায় পদত্যাগে অস্বীকৃতি জানান তিনি।

লুইস বলেছিলেন, 'আমি পদত্যগ করবো না, করবো না। আমি আমার আদর্শ রক্ষার জন্য সমালোচিত হতেও প্রস্তুত। এটি একটি স্বতঃস্ফূর্ত চুম্বন ছিল। পারস্পরিক, উচ্ছ্বসিত ও সম্মতিপূর্ণ। এটাই মূল বিষয়। আমি শেষ পর্যন্ত লড়াই করবো।' 

ইত্তেফাক/এইচএ/জেডএইচ