রামগড়ে স্থলবন্দর স্থান ও মৈত্রী সেতু পরিদর্শন বিজিবির মহাপরিচালকের

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:১৭

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বুধবার (২৬ জুন) খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের স্থান ও ফেনী নদীর উপর ভারতের নির্মাণাধীন মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন। পৌর এলাকার সীমান্তবর্তী মহামুনিতে বিজিবির অবজারবেশন টাউয়ারে উঠে মহাপরিচালক মৈত্রী সেতুর নির্মাণ কাজ দেখেন।

তিনি স্থল বন্দরের জন্য নির্ধারিত জায়গা এবং আর্ন্তজাতিক চেক পোস্ট (আইসিপি), কাস্টমসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। বিজিবির মহামুনি ক্যাম্পে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী চাহেল তস্তরী স্থলবন্দরের ভূমি বিষয়ে মহাপরিচালককে অবহিত করেন।

এসময় বিজিবির চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল ইসলাম সিকদার, গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল হাই, রামগড়  ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো: তারিকুল হাকিম উপস্থিত ছিলেন। এদিকে, স্থলবন্দরের স্থান পরিদর্শন শেষে তিনি রামগড়ে অবস্থিত বিজিবির প্রতিষ্ঠা স্মৃতি সৌধ  ও রামগড় বিশেষ ক্যাম্প পরিদর্শন করেন।

৪৩ বিজিবির টু আই সি মেজর হুমায়ুন কবির জানান, বুধবার সকালে সামরিক হেলিকপ্টারযোগে রামগড়ে এসে ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম। তিনি ব্যাটালিয়ন সদরে চলমান প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও গাছের চারা রোপন করেন। এসময় তিনি বিজিবি সদস্যের বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন।

এদিকে, মহাপরিচালকের সহধর্মিনী বিজিবি পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম ব্যাটালিয়ন সদরে কল্যাণ সমিতির পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও বিজিবি চিলড্রেন ক্লাব পরিদর্শন করেন।

ইত্তেফাক/আরকেজি