অনিয়মের সংবাদ প্রকাশ করায় যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদের বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ডেঙ্গুর সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় তাদেরকে লাঞ্ছিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ। এ সময় সাংবাদিকদেরকে পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করেন তিনি।
রোববার (২৭ আগস্ট) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এসএম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন।
ভুক্তভোগী সাংবাদিক এসএম ফরহাদ বলেন, ডেঙ্গু রোগী সংক্রান্ত তথ্যের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ককে ফোন করলে তিনি সরাসরি তার অফিসে যেতে বলেন। তার অফিসে যাওয়ার পর তিনি ৭১ টিভির ক্যামেরা পারসনকে দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় তিনি ধাক্কা দিয়ে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। এরপর কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে এনে তাদের ওপর হামলা চালান। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় তত্ত্বাবধায়ক ক্ষুদ্ধ ছিলেন।
অভিযুক্ত ডা. হারুন-অর-রশীদ বলেন, তারা অনুমতি ছাড়াই আমার কক্ষের ফুটেজ ও বক্তব্য রেকর্ড করেছে, যা অন্যায়। সেই কাজটি কেন করেছে সেই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি।
যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আমি শুনেছি হাসপাতালে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সাংবাদিকদের চাহিদা মোতাবেক যতদূর সম্ভব তথ্য দেওয়া উচিত। সংবাদকর্মীদের প্রতি অনুরোধ সরকারি অফিসে যেয়ে শিষ্ঠাচার মেনে চলা। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। এ ধরনের ঘটনা না ঘটাই ভালো। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো।
