সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’-এর বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮:১২

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। সেই সঙ্গে তিনি স্বপ্নচিত্রে প্রয়াস' ছবির মোড়ক উন্মোচন করেন। এছাড়াও মেয়র শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ ছাড়াও তাদের তৈরি আঁকা ছবি ও হস্তশিল্প ঘুরে দেখেন। খবর আইএসপিআর

প্রধান অতিথি তার বক্তব্যে প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও এসব শিশুর সমাজে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংসংস্থানের সুযোগ প্রদানের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও অন্যদের মধ্যে অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রয়াসের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বরেণ্য চিত্রশিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

একটি আদর্শ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে প্রয়াসের কৃতী শিক্ষার্থীরা সর্বমোট ৪৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করছে, যা দেশের জন্য অনন্য অর্জন। বর্তমানে প্রয়াসের অনেক শিক্ষার্থীরা বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মমুখী পেশায় নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্পের প্রদর্শনী তিন দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে।

ইত্তেফাক/এএএম