হত্যা, বাসে আগুন, নাশকতা সৃষ্টিসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাদেকুল ইসলামকে (৩৫) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোরে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রংপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাদেকুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, সাদেকুল ইসলাম ২০১৩ ও ২০১৪ সালে চিরিরবন্দর এলাকায় হত্যা, বাসে আগুন দেওয়া নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ২৫ মামলার পলাতক আসামি। দীর্ঘ ১২ বছর ধরে চিরিরবন্দর এলাকা থেকে পালিয়ে রংপুরের পীরগাছায় অবস্থান করছেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার ভোরে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
এটিইউএর অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম বলেন, সাদেকুল শিবিরের নেতা। তার বাবা জামায়াতের রোকন। তার বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে চিরিরবন্দর এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় ২৫টি মামলা হয়েছে। সব মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে রংপুরের পীরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
