ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টা করিনি: শেখ হাসিনা

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৮:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না। তিনি বলেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চাইলে পাব না, সে অবস্থাটা আর নেই। কিন্তু প্রত্যেক কাজের একটা পদ্ধতি আছে। একটা নিয়ম আছে। আমরা সেটা মেনেই চলি।’

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা 

তিনি বলেন, ‘আমার সঙ্গে যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ হলো, তিনি আমাকে বললেন যে ব্রিকস সম্মেলন করব। সে সময় তিনি জানালেন যে তারা কিছু সদস্য বাড়াবেন। আমাদের মতামত জানতে চাইলেন।’

‌‘আমি বললাম এটা খুবই ভালো হবে। ব্রিকস যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এই পাঁচ দেশের সরকার প্রধানের সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিল এবং আছে। আমরা যখন শুনলাম ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, আমাদের আগ্রহ সেটার দিকে বেশি ছিল। সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। এটা যখন থেকে তৈরি হয়, তখন থেকে আমাদের এটার প্রতি আগ্রহ ছিল,’ বলেন তিনি।

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ব্রিকস থেকে প্রথম থেকেই আমাদের বলেছিল যে তারা ধাপে ধাপে সদস্য নেবে। তারা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সদস্য নেবে এবং পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়াবেন। কিন্তু ব্রিকসে এখনই সদস্যপদ পেতে হবে, সে ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। সে রকম কোনো চেষ্টাও আমরা করিনি।’

তিনি বলেন, ‘সেখানে আমার সঙ্গে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু কাউকে বলতে যাইনি আমাদের এখনই মেম্বার করেন। আমরা জানি যে প্রথমে কয়েকটা দেশ হবে এবং এটা আমাকে প্রেসিডেন্ট লাঞ্চের সময় বলেছেন। সেখানে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের প্রেসিডেন্ট এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। সে সময় আলোচনা হয় যে আমরা এই কয়জনকে নেব। পরে ধাপে ধাপে আমরা সদস্য সংখ্যা বাড়াবো।’

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের অপজিশন থেকে খুব হতাশ যে আমরা সদস্যপদ পাইনি। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে মর্যাদা আমরা তুলে ধরেছি, সেখানে আমাদের সে সুযোগ আছে।’    

গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

ইত্তেফাক/পিও