আজ অমর কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

‘বিদায় দাও গো বন্ধু তোমরা’

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩০

বাংলা গানের অমর কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী স্মরণে আজ বুধবার বিভিন্ন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আব্দুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার জানিয়েছেন, রাজধানীর ভূতের গলি জামে মসজিদে বাদ আসর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে আব্দুল জব্বারের কণ্ঠ প্রেরণার প্রতীক হয়ে উঠেছিল। তাকে পরিণত করেছিল কিংবদন্তি শিল্পীতে। তার কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়ের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। তিনি নেই কিন্তু তার গান বাংলাদেশের মানুষের প্রেরণা হয়ে বেঁচে থাকবে চিরকাল।

আব্দুল জব্বারের গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’, ‘জয় বাংলা বাংলার জয়’—এ গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি শুধু শিল্পী ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার গান ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণা। শিল্পীর সংগীতজীবনের অন্যতম অবদান হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান।

আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন। চলচ্চিত্রে তিনি প্রথম গান গেয়েছিলেন ১৯৬২ সালে। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত ‘সংগম’ ছবির গানে কণ্ঠ দেন তিনি। ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু’ গানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। সেই বছর ‘পীচ ঢালা পথ’ ছবিতে রবীন ঘোষের সুরে ‘পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’ ও ‘ঢেউয়ের পর ঢেউ’ ছবিতে রাজা হোসেন খানের সুরে ‘সুচরিতা যেওনা কো, আর কিছুক্ষণ থাকো’ এ দুটি গান তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা

ইত্তেফাক/এমএএম