মোবাইল ব্যাংকিংয়ে চাঁদা পরিশোধে সার্ভিস চার্জ না রাখার দাবি

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৪:০০

সরকারের চালু করা সর্বজনীন পেনশন স্কিমের মাসিক চাঁদা গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তবে, এক্ষেত্রে নির্ধারিত শতকরা ৭০ পয়সা সার্ভিস চার্জ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

এতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছেন। উদ্যোগটি সাধারণ মানুষের জন্য প্রশংসনীয় বটে, তবে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা পাঠানোর ক্ষেত্রে যে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এ পেনশন স্কিমের চাঁদা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।

তিনি বলেন, এর মাধ্যমে ১ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে একজন গ্রাহককে সাত টাকা সার্ভিস চার্জ দিতে হবে তার সঙ্গে রিটেলারদের অযৌক্তিক দাবি যোগ করলে প্রায় ১০ টাকা খরচ করতে হবে। আমাদের দাবি, এ চার্জ প্রত্যাহার করা হোক। প্রয়োজনে এ চার্জ সরকারের পক্ষ থেকে লাভের অংশ থেকে পরিশোধ করার দাবি জানিয়েছেন তিনি। 

ইত্তেফাক/এমএএম