হারিকেন ইডালিয়ার প্রভাব পড়তে পারে বাইডেনের সফরে

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৩:৫৮

ফ্লোরিডার কাছে স্থলভাগে আছড়ে পড়েছে হারিকেন ইডালিয়া। এ কারণে বদলাতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসূচি। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্লোরিডায় আছড়ে পড়ার পর জর্জিয়ার উপর দিয়ে বয়ে গেছে হারিকেন ইডালিয়া। অতি ভয়ঙ্কর হারিকেন হিসেবে স্থলভাগে প্রবেশ করেছিল এই ঝড়। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় শিবিরে গিয়েছিলেন। অনেকেরই বাড়িঘরের ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির খতিয়ান এখনও সেভাবে দেওয়া হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, শক্তি কমালেও এখনও ইডালিয়া যথেষ্ট ভয়াবহ। ফলে যে অঞ্চলের উপর দিয়ে হারিকেন যাচ্ছে, সেখানে অতি সতর্কতা বজায় রাখতে হবে। বস্তুত এই ঝড়ের কারণে ফ্লোরিডা, জর্জিয়া এবং ক্যারোলিনায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। হাজার হাজার মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইডালিয়ার পরিস্থিতি বিবেচনা করে নিজের সফরসূচিতে পরিবর্তন আনতে পারেন জো বাইডেন। মঙ্গলবারই হোয়াইট হাউসে এ কথা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি অঞ্চলের গভর্নরদের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রয়োজনীয় সমস্ত সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

চলতি সপ্তাহান্তে লেবার ডে উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান আছে বাইডেনের। আগামী ৯ এবং ১০ তারিখ ভারতে জি-২০ সম্মেলনেও যোগ দেওয়ার কথা তার। এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ‘সূচির পরিবর্তন হতে পারে। পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখনও কিছু ভাবিনি।’

ইত্তেফাক/এমটি/এসকে