নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আমরা মাধবদীবাসী’ সংগঠনের আয়োজনে এতে পল্লী বিদ্যুতের গ্রাহক ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মাধবদী ক্লাব লিমিটেডের সভাপতি আল-আমিন ভূইয়া প্রধান, মাধবদী পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মেহেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আবেদ আলী সরকার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মাধবধী থানা শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান চৌধুরী, আমরা মাধবদীবাসীর সাধারণ সম্পাদক আবে দাউদ, প্রি-পেইড মিটারের ভুক্তভোগী গ্রাহকসহ অনেকে।
আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা মামলা তদন্তে গিয়ে এসআইয়ের গণস্বাক্ষর গ্রহণ
বক্তারা বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের পর আগের চেয়ে বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। অতিরিক্ত মিটার ভাড়া ও পর্যাপ্ত রিচার্জ সুবিধা না থাকায় গ্রাহদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বক্তারা এই প্রি-পেইড মিটার বন্ধের দাবি জানান।
ইত্তেফাক/অনি

