ছাত্র সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ছাত্রলীগের ১০ নির্দেশনা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০:২৪

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের জন্য দশ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় সংগঠনটি। 

দশ নির্দেশনা হলো: সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে; যে কোন বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তি/ইউনিটের প্রতি তাৎক্ষণিক, চূড়ান্ত ও স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সমাবেশে প্রবেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে; সমাবেশ স্থলে কোনভাবেই ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না; স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণ ব্যতীত পতাকা, ফেস্টুন নিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে না; নির্ধারিত সময়ে গেট খুললে দ্রুততম সময়ে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে; সমাবেশস্থলে একাধিকবার প্রবেশ ও বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে; শারীরিক যে কোন সমস্যার ক্ষেত্রে মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে; সমাবেশ স্থল ও এর আশেপাশে এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক হবে; জনদুর্ভোগ পরিহার করতে হবে এবং অযথা যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে।

এর আগে সকাল সাড়ে ১১ টায় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্ধ। এ সময় তারা সমাবেশ সফল করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেন, আগামীকালের সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে। এই ছাত্র সমাবেশের মধ্যদিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তা দিতে চাই যে আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলিয়ান থাকবো একইসঙ্গে আমরা খুনী, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্র সমাজে নেই। শেখ হাসিনার প্রতি এদেশের সকল শিক্ষার্থীদের যে ভালোবাসা রয়েছে, গভীর ভাবাবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটাতে আমরা এই ছাত্র সমাবেশ করবো। 

ছাত্রলীগ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণসমাজ আজকে একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প তাদের সামনে নেই। তরুণসমাজ বিশ্বাস করেন শেখ হাসিনার এদেশের লাখো কোটি মানুষের দিন বদল করেছেন। তারা প্রবলভাবে আস্থা রাখে, বিশ্বাস করে যে শেখ হাসিনা যেমন অতীতে স্বপ্ন দেখিয়ে তার দেখানো স্বপ্নকে বাস্তবের দোরগোড়ায় এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন ঠিক তেমনি আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে, ২০৪১ এর উন্নত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন নিশ্চয়ই তিনি সেটিরও বাস্তব প্রতিফলন ঘটাবেন।

ইত্তেফাক/এআই