আর্জেন্টিনা থেকে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার আগে দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে জানতে চেয়েছিলেন তিনি অনুশীলনে নামতে পারবেন কি না। ভ্রমণ ক্লান্তি আছে কি না। আরও এক দিন বিশ্রাম নিয়ে খেলতে চান কি না। জামাল এক কথায় জানিয়ে দিয়েছেন, অনুশীলনে নামতে তিনি প্রস্তুত। আর জামালের এমন দৃঢ় মনোবল দেখে অভিভূত দলের কোচ কাবরেরা—জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। বললেন, ‘একজন ক্যাপ্টেন হিসেবে দলের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ, এটা দলের ভেতরে প্রভাব ফেলে।’
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলে খেলতে গিয়ে বেশ সাড়া ফেলেছেন। সংবাদমাধ্যমেরও ফোকাস পড়েছে। বাংলাদেশের দুটি ফিফা প্রীতি ম্যাচ, আফগানিস্তানের বিপক্ষে। ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর খেলা। এ দুটি ম্যাচ খেলে জামাল আবার চলে যাবেন আর্জেন্টিনায়। জামাল বললেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। আমাদের চেয়ে শক্তিশালী। এটা মানতে হবে। ওদের দলে ইউরোপে খেলা ফুটবলার রয়েছেন। তবে এটাও মানতে হবে, এটা আমাদের হোম মাঠ। এই সুবিধাটা নিতে হবে। আমরা সাফের যে স্পিডে আছি, সেটা বজায় রাখতে হবে।’
একটা দেশের জাতীয় দলের অধিনায়ক আরেকটা দেশের তৃতীয় বিভাগে খেলছেন। এটা কেন? জামাল এক কথায় উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন। বাংলাদেশের লিগের র্যাংকিং আর আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগের র্যাংকিংয়ের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশের লিগের র্যাংকিং আর্জেন্টিনার লিগের সঙ্গে দৌড়ে পারবে না। জামাল বললেন, ‘ওদের লিগের র্যাংকিং হাই আছে (উচ্চতায় অবস্থান করছে)।’
জামাল বললেন, ‘ওখানে (আর্জেন্টিনা) লিগের খেলার দিন সকাল থেকে উত্সব শুরু হয়। সকাল থেকেই দর্শকের প্রস্তুতি শুরু হয়। সিজিনাল টিকিট কিনে রাখে সমর্থকেরা। আমি যখন ম্যাচের দিন সকালে ঘুম থেকে উঠি, তখন দেখলাম বরফ পড়ছে। এটা দেখে আমি তো শেষ। কিন্তু বেলা ১১টা যখন খেলা শুরু হয়, তার আগেই আকাশ পরিষ্কার। সব দর্শক এসে হাজির। বরফের ভয়ে কেউ মাঠে আসেনি, এটা হয় না।’ আমাকে এই পরিবেশ মানিয়ে নিতে হবে। ১০ বছর বাংলাদেশে মানিয়ে নিয়েছি। এখন আরেকটা পরিবেশে খেলব। সেখানেও মানিয়ে নিতে হবে।’ জামাল জানালেন, আর্জেন্টিনায় স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই তার। বললেন, ‘আমি সুযোগ পেয়েছি, তাই নিয়েছি। তোমার বয়স কম হলে তুমিও সেই সুযোগ নিতে। আর যদি না নাও, তাহলে তুমি ভয় পেয়েছিলে।’ জামালের ক্লাব সোল দ্য মায়োতে আরও ১০ ম্যাচ খেলবেন তিনি। ৭ সেপ্টেম্বর খেলে ৮ সেপ্টেম্বর চলে যাবেন তিনি।
