অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৪

মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেছেন মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়ার। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারামানায় অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সময় অপর্ণা নায়ারের মা এবং বোন বাড়িতেই ছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর্ণা নায়ারের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কারামানা পুলিশ। অভিনেত্রীর স্বামী সঞ্জিত এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

অপর্ণার দুই মেয়ে, ত্রায়া ও কৃতিকা। অভিনেত্রী প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী ও দুই মেয়ের ছবি শেয়ার করতেন। তিনি মারা যাওয়ার একদিন আগেও তার ছোট মেয়ের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেন। তা দেখে আবেগঘন হয়ে পরেছেন ভক্তরা। এছাড়া কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যা নজর কেড়েছে সবার। সে ভিডিওতে শোনা যায় নারীদের জীবনের কঠিন লড়াইয়ের কথা।

অপর্ণা নায়ার মালয়লাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ‘মেঘাতীর্থম’, ‘মুধুগৌভ’, ‘কল্কি’, ‘কড়লু পরঞ্জা কধা’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোহনলাল অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা। এছাড়া মেগা সিরিয়াল ‘চান্দনামাজা’ এবং ‘আত্মসাক্ষী’তেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। অপর্ণা নায়ারের মৃত্যুর খবরে শোকের ছায়া মালায়লাম বিনোদন দুনিয়ায়।

ইত্তেফাক/এএএম /জেডএইচ