প্রায় চার বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা দল পাকিস্তান। বর্তমান র্যাংকিংয়ে এ তাদের অবস্থান শীর্ষে। তবে এশিয়া কাপে হট ফেভারিট দল ভারত।
শনিবার (২ সেপ্টেম্বর) এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে উত্তরসূরিদের জেতার পরামর্শ দিতে হাজির হন সাবেক স্পিডস্টার শোয়েব আক্তার। ম্যাচটি কি ভাবে জিতা সম্ভব, সে টোটকা নিজের ইউটিউবে চ্যানেলে দিয়েছেন শোয়েব আক্তার।
পাকিস্তানের পেসারদের টার্গেট করতে হবে ভারতের দুর্বল জায়গায়। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, 'ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা সব সময় অন্যরকম কিছু। পাকিস্তানের শক্তির জায়গা বোলিং। যদি শুরুতেই ভারতের তিন ব্যাটার আউট হয়ে যায়, তাহলে তারা বিপদে পড়ে যায়। পাকিস্তানের চেষ্টা থাকবে ভারতের দুর্বল জায়গায় আঘাত করার।'
টস জিতে কী নেওয়া উচিত? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'যদি পাকিস্তান টসে জিতে ব্যাটিং নেয়, ভারতের ওপর শুরু থেকে আক্রমণ করবে। অন্যদিকে ভারত টসে জিতলে পাকিস্তান বিপদে পড়তে পারে। কারণ উইকেটে পরিস্থিতি ভালো হয়নি। আলোর নিচে ভালোভাবে বল ব্যাটে আসে না।'
দুই দলের শক্তির জায়গা চিহ্নিত করেছেন তিনি, ‘পাকিস্তান এ মুহূর্তে সুদৃঢ় একটি দল। তাদের বোলিং দুর্দান্ত। ব্যাটিংও বেশ স্থির। পাকিস্তানের ব্যাটিং আগের মতো নেই। আগে ছিল এমন, তিনজন আউট হলে ব্যাটিং তাসের ঘরে পরিণত হতো। আমি মনে করি, এই দুটি দল খুবই ভারসাম্যপূর্ণ, বিশেষ করে দল দুটি যখন উপমহাদেশে খেলে। দুটি দলকেই উপমহাদেশে হারানো খুবই কঠিন কাজ। কিন্তু একটি দলকে তো ম্যাচ হারতেই হবে। তবে আমার বিশ্বাস, পাকিস্তানের স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে। আমার মনে হয়, পাকিস্তান জয় পাবে। আমি আশা করি, ভারত খুবই কঠিন চ্যালেঞ্জ দেবে। আমাদের চেষ্টা করতে হবে যেন ওদের প্রথম তিন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করা যায়, যাতে ওরা চাপে পড়ে। এরপরও বলতে হয়, ভারতের ব্যাটিং লাইন কিন্তু অনেক লম্বা। ওদের ৭ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে।'
