বিজয়নগরে ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তারের প্যাড ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা দেওয়ার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে আমতলী বাজারে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী। কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাছুম জানান, উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ঢাকার ট্রমা সার্জন কনসালট্যান্ট ডা. সুব্রত সাহার নাম ব্যবহার করে মাইকিং ও প্রচার প্রচারণা চালায়। এরপর ঐ ডাক্তারের প্যাড ব্যবহার করে অন্য ডাক্তার ও হাসপাতালের স্টাফদের দিয়ে রোগী
দেখানো হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং সেখানে ডা. তপন দেবনাথ নামের একজন ডাক্তার ডা. সুব্রত সাহার নামে তৈরি প্যাড ব্যবহার করে রোগী দেখছেন মর্মে হাতেনাতে প্রমাণিত হয়। সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ডা. তপন দেবনাথ উভয়ে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই ডায়াগনস্টিক সেন্টার রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল । সুব্রত সাহার নামে মাইকিং করে তার প্যাডে একেক সময় একেকজন প্রেসক্রিপশন করে দেন। শুক্রবার হাতেনাতে ধরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
