পটুয়াখালীর বাউফলে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচার হাতে ভাতিজা আলামিন মৃধা (৩৫) খুনের ঘটনায় আবদুল মোতালেব (৫০) ও তার ছেলে লাবিবকে (১৮) আটক করেছে পুলিশ।
শনিববার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগা ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়। নিহত আলামিন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. শানু মৃধার ছেলে।
জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা আবদুল মোতালেব মৃধা ও চাচাতো ভাই মো. জাফরের নেতৃত্বে ৪-৫ জন আল আমিনকে এলোপাতাড়ি ছুরিঘাকাত করে। ওই সময় মিলঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হাতেম আলী মৃধার বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, শনিবার রাতে বগা ফেরি ঘাট থেকে বাবা-ছেলেকে আটক করা হলেও এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।
