এশিয়া কাপ

আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ব্যাট হাতে টাইগারদের যত কীর্তি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৭

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এ ম্যাচে বেশ চাপেই ছিলেন টাইগাররা। তবে আগে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজের দারুণ ব্যাটিং প্রদর্শনে যেন সব চাপ ভুলিয়ে দিয়েছে। আর এই দুই ব্যাটারের কল্যাণে এ ম্যাচে টাইগাররা গড়েছে একাধিক কীর্তি।

এশিয়া কাপে প্রথম ও ওয়ানডেতে পঞ্চম বারের মতো এক ইনিংসে দুই সেঞ্চুরি

গতকাল আফগানিস্তানের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে এশিয়া কাপে একই ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি হাঁকানোর কীর্তি এটিই প্রথম। তবে এর আগে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে টাইগাররা এই কীর্তি করেছিলো আরও চারবার। প্রথমবার ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সেঞ্চুরি পেয়েছিলেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স  ট্রফিতে সেঞ্চুরি তোলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ও সবশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস একই ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি।

এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি

মিরাজ ও শান্তর জুটিতে এসেছে ১৯৪ রান। এশিয়া কাপে যেটি বাংলাদেশের যে কোনো উইকেটেই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ইমরুল কায়েস ও জুনাইদ সিদ্দিকের ১৬০ তাও ১৩ বছর আগের। ২০১০ সালে তারা সেটি করেছিলো ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে।

তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি রান

গতকালকের ম্যাচে তৃতীয় উইকেটে মিরাজ ও শান্তর জুটিতে গড়েছিলেন ১৯৪ রানের। তৃতীয় উইকেটে এটি টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই পজিশনে সর্বোচ্চ জুটিটি ২০২ রানের। গত বছর চট্টগ্রামে এই আফগানিস্তানের বিপক্ষেই সেটি গড়েছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

এশিয়া কাপে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ

গতকাল আফগানিস্তানের বিপক্ষের এই ম্যাচে বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৪ রান। এশিয়া কাপে এটি টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ, ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে টাইগারদের এশিয়া কাপে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩২৬ রান। সেটি মিরপুরে  করেছিলেন ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে। এছাড়া ওয়ানডে ফরম্যাটে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯। চলতি বছরের যা সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সংগ্রহ করেছিলেন টাইগাররা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ৩৩৮ সেটাও চলতি বছর আইরিশদের বিপক্ষেই।

ইত্তেফাক/জেডএইচ