শাহরুখ খানকে হার মানালেন সানি দেওল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩

২০২২ সাল ছিল বলিউডের মন্দার বছর। হয়েছে একের পর এক সিনেমা ফ্লপ। সেই মন্দা কাটিয়ে বলিউড ফিরেছে আগের রুপে। চলতি বছরের শুরু থেকে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বলিউডের সিনেমা। এবার রেকর্ড গড়লেন সানি দেওলের 'গদর ২'। শুরু থেকেই বক্স অফিসে তান্ডব চালানো সিনেমাটি ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে প্রবেশ করল ৫০০ কোটি রুপির ক্লাবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর আগে বছরের শুরুতে মুক্তি পাওয়া শাহরুখ খানের 'পাঠান' ভারতে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে ২৮ দিনে। সেই রেকর্ড এবার ভেঙ্গে দিলো সানি দেওল। তবে এই রেকর্ড কতদিন ধরে রাখতে পারবে তা বলা মুশকিল। শাহরুখের আরেক সিনেমা 'জাওয়ান' নিয়ে দর্শকের মধ্যে যে আগ্রহ তাতে মনে হচ্ছে বেশিদিন টিকবে না এই রেকর্ড। ইতিমধ্যে মুক্তির আগে অগ্রীম টিকেট বিক্রির রেকর্ড গড়ার পথে সিনেমাটি। শুরুর এই ক্রেজ শেষ পর্যন্ত থাকলে আরও দ্রুত সময়ের মধ্যে রেকর্ড গড়ে ফেলতে পারে 'জাওয়ান'।

সর্বসাকুল্যে ভারত থেকে ৫৪০ কোটি রুপি আয় করে 'পাঠান'। সেই রেকর্ডও হুমকির মুখে। ভারতে ৫০০ কোটি রুপির ক্লাবের আরেক সদস্য 'বাহুবলী ২'। ৩৪ দিনে এই ক্লাবে প্রবেশ করা সিনেমাটির হিন্দি সংস্করণ ভারত থেকে মোট আয় করেছিল ৫১১ কোটি রুপি। দ্রুতই এই প্যান ইন্ডিয়ান সিনেমাটির আয়কে ছাড়িয়ে যাবে 'গদর ২'।

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় একটা সময় অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। সেই অভিমান ভেঙে বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন সানি দেওল। বিশ্বজুড়ে সিনেমার আয় প্রায় ৬৫৯ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৭৬ কোটি টাকা।

ইত্তেফাক/পিএস/এএএম