টিকিট ব্যবস্থাপনায় বাফুফের অব্যবস্থাপনা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৪

যাত্রাবাড়ী থেকে লিটন নামের এক জন দর্শক এসেছেন। মনে করেছিলেন বাংলাদেশ-আফগানিস্তান ফিফার প্রীতি ম্যাচটা দেখবেন। কিন্তু টিকিট না পেয়ে তার খেলা দেখা হলো না। যমুনা ফিউচার পার্ক পার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকে কোথায়ও বাফুফের ব্যানার দেখলেন না। কোথায় টিকিট পাওয়া যাবে তা খুঁজেও পেলেন না। চেকপয়েন্ট গেটে একজন নিরাপত্তা কর্মীর কাছে টিকিটের কথা জানতে চাইলে তিনিও বলতে পারলেন না। 

আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ টিকিট কোথায় পাওয়া যাবে তার কোনো তথ্যই জানতে পারলেন না সাধারণ দর্শক। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, অথচ সাধারণ দর্শক ম্যাচ উপভোগ করতে পারলেন না। যারা বছর জুড়ে দেশের খেলা দেখেন, সীমাহীন কষ্ট স্বীকার করে মাঠে আসেন, দেশের ফুটবলকে সমর্থন দেন। আচমকা সে সব দর্শকের কথা বিবেচনায় রাখা হলো না। বাফুফে তাদের জন্য টিকিটিরে ব্যবস্থা রাখেনি। বসুন্ধরা আবাসিক এলাকার গেট থেকে কিংস এ্যারোনায় যেতে প্রায় ৯ কিলোমিটার। কিংস কর্তৃপক্ষ দর্শকদের জন্য শাটল বাসের ব্যবস্থা করেছে। টিকিট দেখিয়ে বাসে চড়া যাবে। শাটল বাস পৌঁছে দেবে স্টেডিয়ামে। 

কিন্তু টিকিট কোথায় পাওয়া যাবে? বাফুফে সাধারণ দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা করেনি। যারা বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে খেলা দেখতে চাইলেন, তারা টিকিট ছাড়া এসে ভোগান্তির শিকার হলেন। ৭০ টাকা রিকশা ভাড়া দিয়ে আরিফ এবং শুভ গেলেন কিংসের ক্লাব টেন্টে, কিন্তু সেখানে গিয়ে শুনলেন এখানে টিকিট দেওয়া হয় না। সংশ্লিষ্ট এক জন এসে জানালেন আপনি যে গ্রুপের মাধ্যমে এসেছেন তার কাছে টিকিট দেওয়া আছে। একথা শুনে হতাশ সেই দর্শক।’ রফিকুল নামের এক দর্শক বসুন্ধরার গেট থেকে ফিরে গেলেন টিকিট না পেয়ে। জানিয়ে গেলেন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় কিছু দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা রাখলে ভালো হতো।’  বাফুফে টিকিট ব্যবস্থায় পরিকল্পনা আনতে পারত। সেটা না করায় অব্যবস্থাপনার চিত্রই ফুটে উঠল।

ইত্তেফাক/জেডএইচ