বিয়ের দাওয়াতে গিয়ে উদারতার প্রমাণ দিলেন রাশ্মিকা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৭

ভারতের জাতীয় ক্রাশ দক্ষিণি অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। সিনেমার পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, রাশ্মিকার একটু উপস্থিতিতেই যেন মন ভরে যায় ভক্তদের। শুধু অভিনয়েই নয় তার মিষ্টি ব্যবহারেও মুগ্ধ হন সবাই। সম্প্রতি এক সহকারীর বিয়ের দাওয়াতে গিয়ে তেমন উদারতারই প্রমান দিলেন রাশ্মিকা। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৩ সেপ্টেম্বর) হায়দরাবাদে এক সহকারীর বিয়েতে গিয়েছিলেন রাশ্মিকা মান্দনা। সে বিয়ের অনুষ্ঠানে ফটোসাংবাদিক কমলেশ নন্দ তার ইনস্টাগ্রামে রাশ্মিকার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, নব দম্পতি অভিনেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইছেন। সে মুহূর্তে কিছুটা ইতস্তত বোধ করতে দেখা যায় রাশ্মিকাকে। অভিনেত্রীর এমন প্রতিক্রিয়া সকলের মন জয় করেছে।

এ দিন ট্র্যাডিশনাল স্টাইলে চুল বেঁধে, উজ্জ্বল হলুদ শাড়ি পরা রাশ্মিকাকে স্নিগ্ধ দেখাচ্ছিল।  

শীঘ্রই রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমায় দেখা যাবে রাশ্মিকা মান্দনাকে। এছাড়া ‘পুষ্প ২: দ্য রুল’-এও দেখা যাবে তাকে। 

অমিতাভ বচ্চন-অভিনীত ‘গুডবাই’-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রাশ্মিকা মান্দনা। তারপর ‘মিশন মজনু’তে দেখা গিয়েছিল তাকে। তেলুগু এবং কন্নড়েও অনেক সিনেমায় কাজ করেছেন তিনি।

ইত্তেফাক/পিএস