বলিউডের বর্তমান অভিনেত্রীদের মধ্যে শীর্ষে তার নাম না এলেও প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে থাকবেন তিনি। শীর্ষ অভিনেত্রী না হলেও বক্স অফিস কালেকশনে ঠিকই শীর্ষ স্থান দখল করে নিয়েছেন। তিনি হলেন কারিনা কাপুর খান। এই অভিনেত্রীর সামগ্রিক বক্স অফিস কালেকশন প্রায় ৪ হাজার কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ। খবর ডিএনএর।
কারিনা কাপুরের ধারেকাছেও নেই অন্য অভিনেত্রীরা। দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি এই চার অভিনেত্রী শুধুমাত্র পেরুতে পেরেছেন ৩০০০ কোটি রুপির গণ্ডি। এর মধ্যে তামান্না ও আনুশকা শেঠি দুজনেই ‘বাহুবলী’ সিনেমার সুবাদে এই তালিকায় রয়েছেন। দুই পর্বের ছবিটির আয় করেছিল ২৪শ কোটি রুপি।
এছাড়া দুই হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করা অভিনেত্রীদের মধ্যে আছেন ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও নয়নতারা প্রমুখ।
কারিনা কাপুর তার ক্যারিয়ারে দর্শককে উপহার দিয়েছেন ২৩টি সুপারহিট সিনেমা। যার মধ্যে রয়েছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘থ্রি ইডিয়টস’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘জাব উই মেট’, ‘বডিগার্ড’, ‘গুড নিউজ’ ইত্যাদি। এর মধ্যে ‘বজরঙ্গি ভাইজান’ এর আয় ছিল ৯১৮ কোটি রুপি।
বড় পর্দার পাশাপাশি এখন ওটিটিতেও অভিনয় করছেন কারিনা। সামনে নেটফ্লিক্সে মুক্তি পাবে কারিনা কাপুরের 'জানে জান'। গতকাল (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছিল এই সিনেমার ট্রেইলার।

