তৃতীয় দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় বেড়েছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৭

জনসাধারণের জন্য খুলে দেওয়ার তৃতীয় দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ৩০ হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ২৫ লাখ টাকার বেশি, যা আগের দিনের চেয়ে প্রায় তিন লাখ টাকার বেশি।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আখতার।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন। পরদিন রোববার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়িই বেশি চলাচল করে। এই দুইদিনে গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি।

প্রকল্প পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় (৫ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৬ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ৩০ হাজার ৯১৯টি। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ছয় হাজার ৮০০ টাকা।

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বনানী- মহাখালী- ফার্মগেটের পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী- মহাখালী- ফার্মগেটের পথে ৩ হাজার ৬১৯টি গাড়ি, বনানী থেকে কুড়িল- বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯৮টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী- বনানী- কুড়িল- বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ধাপের জন্য প্রযোজ্য হবে। এক্সপ্রেসওয়ের এই অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হচ্ছে। সর্বনিম্ন টোল ৮০ টাকা ও সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া আগামী জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন এর পুরো সুফল পাবে নগরবাসী।

ইত্তেফাক/এসএ/এসকে