কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ফুলবাড়ী কুড়িগ্রাম নামক ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্ট থেকে জানানো হয়, ইউএনও, ফুলবাড়ী, কুড়িগ্রামের অফিশিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, দুপুরে নির্বাহী অফিসারের অফিশিয়াল নম্বর থেকে হঠাৎ ফোন করে আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন এবং একটি অন্য নম্বর দিয়ে বলেন ১ লাখ টাকা নগদ ও বিকাশে দ্রুত পাঠান বলেই ফোন কেটে দেন। পরে আমার কাছে মনে হলো কোনোভাবেই ইউএনও আমার কাছে টাকা দাবি করতে পারেন না। ঘটনাটি আমি সঙ্গে সঙ্গে আমার বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারকে জানালে তিনি ইউএনওকে জানান।
ইউএনও মো. সিব্বির আহমেদ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সরকারের নিকট থেকে বিকাশে ১ লাখ টাকা দাবি করে একটি প্রতারক চক্র। পরে বিষয়টি তিনি আমাকে অবহিত করলে অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি জানতে পারি। ফুলবাড়ী থানার ওসিকে অবগত করা হয়েছে। তিনি প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউএনও অফিসিয়াল নম্বর ক্লোন করে টাকা দাবি করা প্রতারক চক্রটিকে শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
