শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই: মুজিবুল হক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।

বুধবার (৬ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে আয়োজিত প্রাথমিক শিক্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষাখাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশ্বে আমাদের সাফল্য ঈর্ষণীয়। আগে সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ, এখন সেটি বেড়ে ৭৫ দশমিক ২ শতাংশে উপনীত হয়েছে। প্রাথমিক স্কুলে ভর্তির হার ছিল ৭১, বর্তমানে তা হয়েছে ৯৯ শতাংশ।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক স্কুলকে নতুনভাবে জাতীয়করণ করা হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে।

কয়েক বছর আগেও গ্রামের শিক্ষার্থীরা ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে জানত না। এখন প্রায় প্রতিটি স্কুলে রয়েছে কম্পিউটার।

ছাত্রছাত্রীদের উপবৃত্তি এখন মোবাইলে পৌঁছে যায়। প্রতি বছর কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে, যা বিশ্বে নজিরবিহীন বলেও বক্তব্যে বলেন তিনি।

শিক্ষা খাতসহ প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

চৌদ্দগ্রামে যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগের আমলে হয়েছে মন্তব্য করে আগামীতেও সবাইকে উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/এইচএ